রাজেন রায়, কলকাতা, ৯ ডিসেম্বর: দুপুরে তাঁকে নিয়ে আসা হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। কিন্তু সন্ধ্যার পর আরো জটিল হল পরিস্থিতি। অতিরিক্ত মাত্রায় শ্বাসকষ্টের কারণে বুধবার দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভর্তি করার পরে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং এই মুহূর্তে মেকানিকাল ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধদেববাবু। করোনা সংক্রমণ না হলেও কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি রয়েছে।
হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যান বিমান বসু , সুজন চক্রবর্তী , সূর্যকান্ত মিশ্রও।
হাসপাতাল সূত্রের খবর , ইতিমধ্যেই পাঁচ সদস্যের মেডিক্যাল বাের্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল হলে ফুসফুসের কোনও সংক্রমণ রয়েছে কি না, তা জানতে সিটি স্ক্যানও করা হবে। বুদ্ধবাবু ‘ল্যাকুনা ইনফ্র্যাক্ট’ অসুখে আক্রান্ত। এই স্ট্রোকে রক্তের পরিমাণ কমে যাওয়ায় মস্তিষ্কের অভ্যন্তরে কোষের মৃত্যু ঘটে, যাকে বলে ইসচেমিক স্ট্রোক বা থ্রম্বােসিস। তার জন্যই বুদ্ধদেববাবু আরো কাহিল হয়ে পড়েছেন।
রাত ন’টার মেডিকেল বুলেটিন অনুযায়ী, বুদ্ধদেব ভট্টাচার্যের এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক। রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ।

