ট্রেকারের জন্য অপেক্ষা করতে গিয়ে হটাৎ মৃত্যু, চাঞ্চল্য গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ জুলাই: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ে ট্রেকার স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা এক প্রৌঢ়ের হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হল। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, মৃতের বয়স আনুমানিক ৬৫ বছর। ওই ব্যক্তি বাস থেকে নেমে ট্রেকার স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন হয়তো ট্রেকারে চেপে নিজের গন্তব্যে যাবেন বলে। কিন্তু হঠাৎ করে পড়ে যান। তখন ট্রেকার স্ট্যান্ডের পাশাপাশি থাকা দোকানদাররা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে গোপীবল্লভপুর থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।বতখন চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে পুলিশ মৃত প্রৌঢ়ের নাম পরিচয় জেনে বাড়িতে খবর দেওয়ার যেমন চেষ্টা করছে তেমন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রচেষ্টা শুরু করেছে।
তবে ট্রেকার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন সুস্থ সবল ব্যক্তি হঠাৎ করে পড়ে গিয়ে মারা যাওয়ায় অনেকটাই চিন্তায় এলাকার দোকানিরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান হয়তো পড়ে যাওয়ার পর ব্রেন স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন অপরিচিত ওই বৃদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *