জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ অক্টোবর: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংযুক্ত কিষাণ মোর্চার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে একজন এবং সমাবেশে গাড়ি চালিয়ে আরও সাত জনকে নির্মম ভাবে হত্যার ঘটনার প্রতিবাদ জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলের পক্ষ থেকে আজ মঙ্গলবার সারা ভারত প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয়।

মেদিনীপুর শহরের কর্নেলগোলা থেকে দলের একটি মিছিল শহর পরিক্রমা করে এবং জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নারায়ণ অধিকারি। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দীপক পাত্র, অধ্যাপক দেবাশিস আইচ প্রমুখ। এই কর্মসূচির সাথে বাস ভাড়া এবং মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করা হয়।

