আমাদের ভারত, ১২ মে: ডাক্তারির ডিপ্লোমা কোর্স ও ১৫ দিনের নার্সিং কোর্স সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রস্তাবের তীব্র বিরোধিতা করল এসইউসিআই(সি)। শুক্রবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন।
এই বিবৃতিতে লেখা হয়েছে, “মুখ্যমন্ত্রী ডাক্তারির ডিপ্লোমা কোর্স ও ১৫ দিনের নার্স কোর্স চালু করার বিষয়ে গতকাল নবান্নে যে প্রস্তাব দিয়েছেন তার আমরা তীব্র বিরোধিতা করছি। এই ডিপ্লোমাধারী ডাক্তারদের দিয়ে রাজ্য সরকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করতে চাইছে। ভোর কমিটির সুপারিশ অনুযায়ী এমবিবিএস ডাক্তার হতে ন্যূনতম সাড়ে ৫ বছর লাগে। অন্যদিকে সাম্প্রতিক তথ্য অনুযায়ী সরকারি চাকুরিতে নিযুক্ত ডাক্তারের থেকে আবেদনকারীর সংখ্যা বেশি।
এই প্রেক্ষিতে ডিপ্লোমা ডাক্তার তৈরি করে তাঁদের দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চালাবার পরিকল্পনা সমর্থন যোগ্য নয়। এই প্রচেষ্টা জনসাধারণের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ছেলেখেলার নামান্তর। ১৫ দিনের নার্সিং কোর্সের মাধ্যমে নার্স তৈরির পরিকল্পনা একইরকমভাবে জনস্বার্থ বিরোধী এবং নার্সিং পেশাকে বাস্তবে অবমাননা করা।
কেন্দ্রের বিজেপি সরকার কমিউনিটি হেলথ অফিসার পদে ডাক্তারের পরিবর্তে বিএসসি নার্স নিয়োগ করে গ্রামের মানুষের স্বাস্থের অধিকারের সঙ্গে যে প্রতারণা করছে তৃণমূল সরকারের উক্ত নীতি তারই অনুসারী।
উল্লেখ করা যেতে পারে, পূর্বতন সিপিএম সরকার সাড়ে তিন বছরের ডিপ্লোমা ডাক্তার দিয়ে ‘খালি পদ ডাক্তার’ সৃষ্টি করতে চেয়েছিল, প্রবল প্রতিবাদের মুখে যা তারা কার্যকর করতে পারেনি। তৃণমূল সরকারও সেই পথেই হাঁটছে। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।”

