আমাদের ভারত, কলকাতা, ৪ নভেম্বর: শিক্ষক চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের ৬০০ তম দিনে আন্দোলনকারীদের অভিনন্দন জানাতে শুক্রবার এসইউসিআই (কম্যুনিস্ট) পদযাত্রা করে। দলের রাজ্য কমিটির তরফ থেকে দুপুরে পদযাত্রা ধর্মতলার লেনিন মূর্তি থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির অবস্থানস্থলে যায়।
আন্দোলনের নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দেন প্রাক্তন বিধায়ক, দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক তরুণকান্তি নস্কর। শিক্ষক প্রার্থীদের এই দীর্ঘ অনড় আন্দোলনের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি ১) অবিলম্বে মেধাতালিকাভুক্ত সকল যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে, ২) সমস্ত শূন্য শিক্ষক পদে নিয়োগ করতে হবে, ৩) সাদা খাতা জমা দিয়ে ঘুষের মাধ্যমে যাঁরা চাকুরি পেয়েছেন তাঁদের বরখাস্ত করে প্রাপ্ত বেতন ফেরত দিতে বাধ্য করতে হবে এবং ৪) সমগ্র দুর্নীতির সংগে যুক্ত মন্ত্রী, বিধায়ক, অফিসার থেকে শুরু করে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, গতকাল বিচারপতি এই দুর্নীতির পিছনে যে মাথার কথা বলেছেন তাকেও খুঁজে বের করতে হবে। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অশোক সামন্ত ও দেবাশিস রায় এবং রাজ্য কমিটির সদস্য রতন কর্মকার, তপন সামন্ত, জৈমিনি বর্মন, অশোক দাস প্রমুখ।

