আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ আগস্ট: জলপাইগুড়ি- হলদিবাড়ি রুটের সরকারি বাসের সংখ্যা কমানোর প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি এসইউসিআই। মঙ্গলবার শহরের শান্তি পাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে বিক্ষোভ দেখিয়ে ডিপো কর্তৃপক্ষকে স্মারকলিপি তুলে দেওয়া হয় এসইউসিআই তরফে৷ দ্রুত পর্যাপ্ত বাস পরিষেবা চালু করার দাবি তোলা হয়েছে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি- হলদিবাড়ি রুটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। এর জেরে সরকারি বাসের ক্ষতি হচ্ছে। এই কারণে কয়েকটি বাসের পরিষেবা বন্ধ করা হয়।

এসইউসিআইয়ের দাবি, এই রুটে একাধিক স্কুল রয়েছে। পড়ুয়ারা প্রতিদিন বাসে যাতায়াত করে। দ্রুত পর্যাপ্ত বাস পরিষেবা চালু করার দাবিতে এই আন্দোলন বলে জানালেন এসইউসিআই শহর লোকাল কমিটির ইন চার্জ সুজল লোধ। তিনি আরও বলেন, বেসরকারি বাসকে বাড়তি সুযোগ দিতেই এই চক্রান্ত করা হচ্ছে।”

