পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: এসইউসিআই (কমিউনিস্ট)- এর উদ্যোগে দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে ‘মার্কসবাদ ও মানব সমাজের বিকাশ প্রসঙ্গে’ শিবদাস ঘোষের আলোচনা সম্বলিত বইটির উপর আজ আলোচনা চক্র অনুষ্ঠিত হয় মেছেদা বিদ্যাসাগর হলে। সভা পরিচালনা করেন দলের পলিটব্যুরো সদস্য অমিতাভ চ্যাটার্জি। মঞ্চে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস, জেলা সম্পাদক প্রণব মাইতি প্রমুখ।

আলোচনাচক্রে তমলুক ও হলদিয়া মহকুমার ৪ শতাধিক কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। পরে এসআইআর -এর পরিপ্রেক্ষিতে মানুষের ব্যাপক হয়রানির প্রতিবাদে ওই ঘটনার সঙ্গে যুক্ত মৃত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মেছেদা শহরে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল মেছেদার ক্ষুদিরাম ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, থার্মাল মোড় হয়ে ক্ষুদিরাম ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। ওই দাবিতে ২২ জানুয়ারি তমলুকে বিক্ষোভ ও জেলা শাসক অফিসে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানাগেছে।

