চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া এসইউসিআই (সি)-র

আমাদের ভারত, ১৪ মার্চ: একের পর এক চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন। মঙ্গলবার আলিপুরে এক সরকারি অনুষ্ঠানে এ নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন এসইউসিআই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

এক বিবৃতিতে চণ্ডীবাবু বলেন, “যে কোনও মৃত্যু খুবই দুঃখজনক। কিন্তু বছরের পর বছর যে যোগ্য প্রার্থীরা রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে রাস্তায় বসে আছেন তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল। এই বিপর্যস্ত অবস্থার দায় সরকারের প্রধান হিসেবে তিনি এড়িয়ে যেতে পারেন না। আমাদের দাবি, অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকুরি দেওয়া হোক। নতুন নিয়োগ প্রক্রিয়া চালু থাকুক এবং যাঁরা কোর্টের আদেশে চাকরি হারাচ্ছেন তাঁরা যাতে পুনরায় চাকরি পাওয়ার স্বচ্ছ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন তার ব্যবস্থা করা হোক।“

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী হাইকোর্টের উদ্দেশে বলেন, “যাঁরা অন্যায় করেছে, অ্যাকশন নিন। টেক স্ট্রং অ্যাকশন। আমার কোনও দয়া নেই তাঁদের জন্য। কিন্তু ছেলেমেয়েরা যাতে তার শিকার না হয়, সেটা দেখুন। তাঁদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। দরকার হলে তিনি আবার পরীক্ষা দিন। কোর্ট যদি অন্য কোনও ব্যবস্থা করতে বলে, আমরা সেটাও করে দেব। সিদ্ধান্ত আপনাদের।” এরপর মঞ্চের সামনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রধান বিচারপতিকে পেলাম না। এটা আমার মনের ভাবনা। কথায় কথায় লোকের চাকরি খাবেন না। এটা রাজনীতি নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *