আমাদের ভারত, ১১ এপ্রিল: রামনবমী উপলক্ষ্যে অস্ত্র হাতে মিছিলের প্রতিবাদ জানাল এসইউসিআই(সি)।
রবিবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এক বিবৃতিতে বলেন, “রামনবমী উপলক্ষ্যে তৃণমূল যেভাবে বিজেপির সঙ্গে অস্ত্র হাতে মিছিলের প্রতিযোগিতায় নেমেছে তাতে এরাজ্যের ধর্মনিরপেক্ষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিস্মিত। তৃণমূল একদিকে ধর্মনিরপেক্ষতার দাবি করবে আবার অন্যদিকে জনসমক্ষে উগ্র হিন্দুত্ববাদীদের মত আচরণ করবে – এই দ্বিচারিতা কোনো ভাবে সমর্থনযোগ্য নয়।
মূল্যবৃদ্ধি, নারী নির্যাতন, আইনশৃংখলার অবনতি সমেত নানা সমস্যায় মানুষ যখন জেরবার তখন কেন্দ্র ও রাজ্যের শাসকদলগুলি মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ভোটের দিকে তাকিয়ে এই কাজ করছে। আমরা এর তীব্র নিন্দা করছি।”

