বেআইনীভাবে চাকরিরতদের টাকা ফেরাতে বাধ্য করার দাবি এসইউসিআই (সি)-র

আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: “বেআইনীভাবে যাঁরা এতদিন চাকরি করেছেন তারা যে বেতন পেয়েছেন তাদের সেই টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে বাধ্য করা হোক।” আদালতে এসএসসি-র তরফে নিয়োগ দুর্নীতিতে স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন এসইউসিআই (সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “এসএসসি যখন তদন্তের পরিপ্রেক্ষিতে আদালতে নিজেই স্বীকার করেছে যে ৮০০ জন শিক্ষকের প্রায় ৫৩ নম্বর পর্যন্ত বাড়িয়ে বেআইনী নিয়োগ করেছে এবং স্কুলে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ২৮২০ জনের উত্তরপত্রে (ওএমআর শিট) কারচুপি করেছে তখন এসএসসি এখনই তাদের চাকরি বাতিল করুক।

সঙ্গে সঙ্গে যোগ্য প্রার্থীরা, যাঁরা দীর্ঘদিন ধরে রাস্তায় অবস্থান করছেন তাঁদের অবিলম্বে চাকরি দেওয়া হোক। আমাদের আরও দাবি, বেআইনীভাবে যারা এতদিন চাকরি করেছেন তারা যে বেতন পেয়েছেন তাদের সেই টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে বাধ্য করা হোক।

এসএসসি-তে এত বড়ো দুর্নীতির দায় রাজ্য সরকার এড়াতে পারে না। অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতারা প্রত্যেক দিন তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। দুর্নীতির শিকড় কতটা গভীরে তা যথাযথভাবে তদন্ত করে দ্রুত উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *