মালবাজারের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি এসইউসিআই(সি)-র

আমাদের ভারত, ৬ অক্টোবর: মাল নদীর চরের মর্মান্তিক ঘটনাকে ‘গাফিলতি’ বলে মন্তব্য করল এসইউসিআই(সি)। তদন্তসাপেক্ষে এর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবি করলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “মাল নদীর চরে বিসর্জনের সময় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যার ফলে সরকারি হিসেবে ৮ জন মারা যান এবং ১৩ জন আহত হন তার জন্য প্রশাসনের গাফিলতিই দায়ী। অভিযোগ, বিসর্জনের জায়গা প্রস্তুতের জন্য নদীর ডানদিকের গতিপথ পরিবর্তন করা হয় এবং তার জন্য বোল্ডার দেওয়া হয়।

জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যখন গত কয়েকদিন অতিবৃষ্টি হচ্ছিল তখন এমন পাহাড়ি নদীতে হড়পা বানের সম্ভবনা থাকে। এই অবস্থায় ঐ নদী চরের মাঝখানে লোকসমাগমের অনুমতি দেওয়া হল কেন তা বোঝা দুষ্কর। হড়পা বানের আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকারের চূড়ান্ত গাফিলতিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার জন্যই এই মর্মান্তিক মৃত্যু।

অভিযোগ, উদ্ধার কাজে নামতে প্রশাসন অনাবশ্যক বিলম্ব করে। আমরা সরকারের এই দৃষ্টিভঙ্গির তীব্র প্রতিবাদ করছি। তদন্তসাপেক্ষে এই গাফিলতির জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *