সার্চিং অ্যাপে সাফল্য,  অন্ডালে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে “ফিরে পাওয়া” অনুষ্ঠানে গ্রাহকদের ফিরিয়ে দিল পুলিশ 

জয় লাহা, দুর্গাপুর, ৮ সেপ্টম্বর: তথ্যপ্রযুক্তিতে আবারও বড় সাফল্য। সার্চিং অ্যাপের মাধ্যমে উদ্ধার হল হারিয়ে যাওয়া মোবাইল। তাও আবার এক-দুটো নয়। গত তিন বছরের ৫৩ খানা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলিকে তাদের মালিকের হাতে তুলে দিল পুলিশ। আর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়া, কিম্বা কেপমারি হওয়ার ঘটনা ঘটে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওইসব মোবাইল সার্চিং অ্যাপে ফেলে ট্র্যাক শুরু করে। আর তাতেই বাজিমাত। সম্প্রতি পুজোর আগে ৫৩ টি হারিয়ে যাওয়া মেবাইল উদ্ধার করল অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে পুলিশের পক্ষ থেকে “ফিরে পাওয়া”- নামক একটি অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলি উপযুক্ত প্রমান সাপেক্ষে তাদের মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি অভিষেক গুপ্তা, এসিপি (অন্ডাল) ওমর আলী মোল্লা প্রমুখ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বেশির ভাগ মোবাইল গত ২০২০ সাল থেকে ২২ সালের মাধ্যে হারিয়ে যাওয়ার অভিযোগ থানায় হয়েছিল। সেইমত মেবাইলগুলি সার্চিংয়ে রাখা হয়েছিল। ওইসব মোবাইলে নতুন করে সিমকার্ড ইনস্টল করলে ম্যাসেজ আসবে। সেই সুত্র ধরেই মোবাইলগুলি উদ্ধার করা হয়। পুজোর আগে উদ্ধার হওয়া মোবাইলগুলি গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি বাসিন্দারা। পুলিশের সাফল্যে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *