সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ জুন: উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় শীর্ষ তিন স্হান অধরা থাকলেও প্রথম দশে ৫৭ জন স্হান লাভ করে বাজিমাত করলো বাঁকুড়ার ছাত্র ছাত্রীরা।এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর দেখা যায় জেলার সদর শহরের সাথে সাথে অখ্যাত গ্ৰামের স্কুল গুলিও উল্লেখযোগ্য ফল করেছে।
পাথরমোড়া হাইস্কুলের ছাত্রী অর্পিতা মন্ডল ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্হান দখল করেছে। ওই স্কুলেরই আর এক ছাত্রী মিস্টু পাত্র ৪৯৪ নম্বর পেয়ে পঞ্চম স্হান পেয়েছে। এছাড়াও জেলার আরও তিন জন পঞ্চম স্হানে রয়েছে।বাঁকুড়া শহরের গোয়েঙ্কা বিদ্যায়তনের ছাত্র সোমনাথ পাল, ওন্দা হাইস্কুলের কোয়েল চক্রবর্তী ও সোনামুখী বি জে হাইস্কুলের প্রভাত দত্ত মেধা তালিকায় পঞ্চম স্হানে রয়েছে।
মেধা তালিকায় ষষ্ঠ স্হানে রয়েছে জেলার চার কৃতী। এই তালিকায় রয়েছে সিমলাপাল মদনমোহন হাইস্কুলের ছাত্র উদয় দাস, নড়রা হাইস্কুলের ছাত্রী প্রকৃতিপর্না দে, গড়রাইপুর হাইস্কুলের অম্বেষা চক্রবর্তী ও পিড়রাবনি হাইস্কুলের ছাত্রী বেদপর্না শীট।
মেধা তালিকা অনুযায়ী বাঁকুড়া জেলায় সেরা দশে চতুর্থ স্হানে ১ জন, পঞ্চম স্হানে ৪ জন, ষষ্ঠ স্হানে ৪ জন, সপ্তম স্হানে ১১ জন, অষ্টম স্হানে ১১ জন, নবম স্হানে ১২ জন ও দশম স্হানে রয়েছে ১৪ জন ছাত্র ছাত্রী।

