সাথী দাস, পুরুলিয়া, ২০ ডিসেম্বর: লোকসভা ভোটের কর্মীদের শীতের জড়তা কাটিয়ে উজ্জীবিত করতে পুরুলিয়া জেলা সফরে আসছেন শুভেন্দু অধিকারী। জয়পুরের আরবিবি হাই স্কুলের মাঠে বড় আকারের কর্মিসভায় যোগ দেবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুর আড়াইটেয় সভায় যোগ দেবেন তিনি। তাঁর কর্মী সভা প্রসঙ্গে বিজেপির জেলা সহ সভাপতি গৌতম রায় বলেন, “কর্মিসভা জনসভায় পরিণত হবে। আসলে লোকসভা নির্বাচন ও আগামী বিধানসভা ভোটের আগে খুঁটি পুজো করতে আসছেন শুভেন্দু দা। কর্মিসভা হলেও সমর্থকদের আবেগ আটকানো যাবে না। তাঁরা সভাস্থলে এসে লক্ষ্য পূরণের শপথ নিতে আসবেন।”

বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন,”লোকসভা ভোটে কর্মীদের উৎসাহ বাড়াতে এবং রণকৌশল জানাতে শুভেন্দু দা আসছেন। সভায় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও বিধায়ক ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন।”
দলের কর্মিসভায় শুভেন্দু কী বার্তা দেন এনিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলায়। স্থানীয় বিজেপি বিধায়ক নরহরি মাহাতো জানান, পুরুলিয়া লোকসভা আসনের মোট ১৮৮২টি বুথ থেকে দলের নেতা, কর্মী ও সমর্থকরা সভায় যোগ দেবেন। ভোটের আগে প্রতিটি বুথে সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যেই সভার আয়োজন করা হয়েছে।”

বুধবার সভাস্থল ঘুরে দেখেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলা বিজেপির কয়েকজন প্রথম সারির নেতা।
জয়পুর বিধানসভা আসনটি বিজেপির হাতে থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের নিরিখে সবকটি পঞ্চায়েতে বোর্ড গড়েছে তৃণমূল। জয়পুর পঞ্চায়েত সমিতিও তাদেরই দখলে।
যদিও বিজেপির স্থানীয় বিধায়কের অভিযোগ,”নির্বাচনের নামে প্রহসন হয়েছে। পুলিশ ও প্রশাসনের মদতে তৃণমূল গণতন্ত্রকে হত্যা করেছে। এলাকার মানুষের সমর্থন দলের দিকেই রয়েছে সেটা সভা থেকেই স্পষ্ট হবে।

