জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে আদিবাসী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিলকা মুর্মুর ২৯২তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে আদিবাসী সমাজের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল জন জাতির উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ সভাধিপতি অজিত মাইতি, তৃণমূলের এসটি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ, পরেস মুর্মু, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ আরও অনেকে। উপস্থিত সকলেই তিলকা মুর্মুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় তিলকা মুর্মুর জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। তিনি তাঁর ভাষণে বলেন, তিলকা মুর্মু আদিবাসী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। তাঁকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত। তিনি আগামী দিনেও আমাদের মাঝে থাকবেন। তিনি তাঁর ভাষণে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নে অনেক কাজ করেছেন। এখনও কিছু কাজ বাকি রয়েছে। আগামী পাঁচ বছরের জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন। যাতে বাকি কাজগুলি তিনি সম্পন্ন করতে পারেন। তিনি বলেন, ভারতবর্ষের মধ্যে ১০০ দিনের প্রকল্পের কাজে প্রথম হয়েছে রাজ্য সরকার। আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের উন্নয়ন হয়েছে। বহু আদিবাসী পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আদিবাসীদের বয়স্ক মানুষদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদিবাসী সমাজের ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। আদিবাসীদের মাতৃ ভাষার উন্নয়নে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে।
তিনি বলেন সকলেই রামকে পুজো করেন। আমরা মন্দিরে এবং বাড়িতে রামের পুজো করি, রামকে শ্রদ্ধা জানাই। কিন্তু বিজেপি রাস্তায় রামকে নামিয়ে এনে নির্বাচনে ভোটের প্রচার করছে। এটা বাংলার সংস্কৃতি নয়। তিনি বলেন, বাংলা বাংলায় থাকবে আমরা বাংলাকে কোনওদিন গুজরাট করতে দেবো না। তিনি আদিবাসী মানুষদের বলেন, আপনারা বিজেপির মিথ্যা প্রচারে কান দেবেন না, বিজেপির কথায় বিশ্বাস করবেন না। সারা ভারতবর্ষের মানুষ জানে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে মমতার সরকার। মমতা আদিবাসী মানুষদের ভালবাসেন। তাই আদিবাসী মানুষদের পাশে রয়েছেন। যারা আদিবাসীদের নিয়ে রাজনীতি করছেন তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। পাশাপাশি আজ শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পীড়াকাটায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যেকেই কেন্দ্রের নানা জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে বক্তব্য রাখেন, সঙ্গে মমতা ব্যানার্জিকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা সভাপতি অজিত মাইতি, জেলার সাধারণ সম্পাদক গোপাল সাহা, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুত ঘোষ, শ্রীকান্ত মাহাতো, ব্লক সভাপতি নেপাল সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ।

