অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ নভেম্বর:
শুক্রবার দলীয় কাজে যোগ দিতে আসেন রাজ্য বামফ্রন্ট এর চেয়ারম্যান বিমান বসু। ঝাড়গ্রামে দলের জেলা কমিটির কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সুব্রত মুখার্জির প্রয়াণ সম্পর্কে বিমান বসু বলেন, সুব্রত মুখার্জি ভিন্নধাঁচের রাজনৈতিক নেতা ছিলেন।
বিমানবাবু বলেন, সুব্রত মুখার্জি যখন ছাত্র আন্দোলনে ছিলেন তখন আমিও ছাত্র আন্দোলনে আছি। সুব্রত মুখার্জি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনে ১৯৭২ সালে যখন দাঁড়িয়ে ছিলেন সেই সময় আমি ওই বিধানসভা এলাকার ভোটার ছিলাম। উনি আমার বাড়ির পাশেই একটি বাড়িতে থাকতেন। দেখা হলে কথা বলতেন, সৌজন্য বিনিময় করতেন আমিও কথা বলতাম। সুব্রত মুখার্জি বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে যোগাযোগ ছিল না এমন নয়। তিনি বিরোধী রাজনৈতিক দলের সাথে কথা বলতেন এবং সম্মান দিতেন। তিনি যে দল করতেন সেই দলের নীতি আদর্শ আলাদা। আমাদের দলের নীতি আদর্শ আলাদা। তা সত্বেও উনার সাথে দেখা হলে উনি কথা বলতেন। উনি যখন ছাত্রনেতা ছিলেন সেই সময় ৩০ দিন যাত্রা উৎসব হয়েছিল। তখন এস এফ আই সংগঠনের নেতা হিসেবে ৩০ দিনের জন্য আমাকে একটা টিকিট পাঠিয়েছিলেন যাত্রা অনুষ্ঠানে যাওয়ার জন্য। সেই সঙ্গে তিনি বলেন, সুব্রত মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব ছিল যিনি রাজনীতি ভালোভাবে বুঝতেন। আগামী প্রজন্ম তার কথা মনে রাখবে। সুব্রত মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিমান বসু তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও অনুগামীদের তিনি সমবেদনা জানান।

