দীপাবলির রাতে চলে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি

আমাদের ভারত, ৪ নভেম্বর:দীপাবলির রাতেই রাজ্য রাজনীতির বড় নক্ষত্র পতন ঘটে গেল। এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাত ৯ টা ২২ মিনিটে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা গেছে শুক্রবার তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগের রাতেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাসপাতালের শৌচাগারে যান তিনি, তার পরেই অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে তাকে দেখতে এসএসকেএম-এ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসকেএম-এ গিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল মাঝি।

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। স্টেন্ট বসানোর পর অবস্থার অবনতি হয় তার। দীপাবলীর আগের সপ্তাহে শরীর খারাপ হয় তার। রবিবার এসএসকেএম-এ চেকআপ করাতে গিয়ে আরও অসুস্থ বোধ করেন তিনি। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এক সপ্তাহ ধরে আইসিসিইউতে কাটানোর পর শেষ পর্যন্ত চিরবিদায় নিলেন বাংলার রাজনীতির এই বর্ণময় ব্যক্তিত্ব।

দক্ষিণ ২৪ পরগনার বজবজের সারেঙ্গাবাদের মানুষ ছিলেন সুব্রত মুখার্জি। ছয়ের এর দশকে কলকাতায় পড়াশোনা করতে আসেন। ভর্তি হন এনথ্রোপলজি নিয়ে বঙ্গবাসী কলেজে। মাস্টার্স করেন আর্কিওলজিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর post-graduation ডিপ্লোমাও করেন তিনি।

প্রথমে কংগ্রেস করলেও পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তিনি। যথেষ্ট বর্ণময় উজ্জ্বল ছিল তার রাজনৈতিক ক্যারিয়ার। তবে ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসেন নারদ কান্ড। নাম জড়ায় তার। ২০২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভাবে জয়ী হবার পরেও ১৭মে সুব্রত মুখার্জি সহ তৃণমূলের তিন হেভিওয়েটকে গ্রেপ্তার করে সিবিআই। জামিনে মুক্তি পান সুব্রত মুখার্জি সহ অন্যান্যরা।

একাধিক বিতর্ক তার সঙ্গী হলেও রাজনীতিতে তিনি সর্বদাই সক্রিয় ছিলেন। সম উৎসাহেই একডালিয়া এভারগ্রীন এর দূর্গাপূজার দায়িত্ব সামলেছেন বরাবর। কিন্তু এই চিরসবুজ মানুষটি চিরদিনের জন্য বিদায় নিলেন আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *