সাথী দাস, পুরুলিয়া, ৪ আগস্ট: দুই দিনের ব্যবধানে প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যহত পুরুলিয়া জেলাজুড়ে। এদিন সকাল থেকে এই বৃষ্টি জেরে পুরুলিয়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের বড় অংশ জলমগ্ন। ওই ওয়ার্ডের ইসলাম বস্তি, বাউরি পাড়া সহ ২৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লীর একাধিক এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে। এর জেরে বিপাকে বাসিন্দারা।
সমস্যায় থাকা বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় নিকাশির কোনও ব্যবস্থা নেই। এর ফলে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এলাকা। নোংরা জল ঢুকে গিয়েছে বাড়িতে। স্থানীয় পৌরসভাকে বার বার বলা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে ভোটের সময় পৌরসভার প্রতিনিধিরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে যান। ভোট মিটলে কাউকে এলাকায় দেখা যায় না।
২৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, আজ সকালে টানা ভারী বৃষ্টির জেরে রাস্তার উপর হাঁটু সমান জল জমে যায়। আর বিপজ্জনক জেনেও সেই হাঁটু জলে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা।

এই বিষয় পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বৈদ্যনাথ মন্ডল বলেন, জল মগ্ন এলাকায় জল সরাতে পাম্পের ব্যবস্থা করা হয়েছে। একই ভাবে যেসব এলাকায় নিকাশি ব্যবস্থা নেই সেই এলাকায় নিকাশি ব্যবস্থার উপর নজর দেওয়া হবে।
মূলত এলাকা নিচু থাকার কারণে ও নিকাশি ব্যবস্থা ঠিক ঠাক না থাকার কারণে এলাকায় সামান্য বৃষ্টি হলে জল জমে যায়। বিপাকে পড়েন বাসিন্দারা।


