আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: ইডি-র প্রেস বিজ্ঞপ্তি এবং অভিযুক্তর সঙ্গে মমতা ও তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি যুক্ত করে টুইট করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টু ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারপর্ব পরিচালনা করেছিলেন। ইডি-র প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর নাম দেওয়া হয়েছে৷ তাঁকে মুখ্যমন্ত্রী এবং তাঁর রাজনীতিবিদ ভাই কার্তিক ব্যানার্জির পাশাপাশি দেখা যায়। মুখ্যমন্ত্রী কি পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন?

ইডি-র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, তিনি একজন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির “কয়লা চোরাচালান থেকে উদ্ভূত অপরাধের অর্থ পাচার করেন”। একজন মন্ত্রীর অবৈধ নগদ পরিচালনার সাথেও জড়িত। পর্যাপ্ত প্রমাণ-সহ
১.৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, তিনি একজন “সততার প্রতীক”। এই ধরনের কলঙ্কিত ব্যক্তি এবং অর্থ পাচারকারীদের সাথে তাঁর এবং তাঁর পরিবারের সম্পর্ক স্পষ্ট করা উচিত। অন্যথায় তাঁর নীরবতাকে ঘটনার সঙ্গে জড়িত বলে ভুল বোঝানো হতে পারে।”
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিক জায়গায় তল্লাশি করে দিল্লির ইডি-র দল। তল্লাশি চালানো হয়ে কলকাতা ও পাশ্ববর্তী বেশ কিছু জায়গায়। বুধবার ভোর থেকে টানা প্রায় ২৪ ঘন্টা দু’দল সিআরপিএফ-এর সহযোগিতাতেই ইডি-র বিশাল দল এক ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ১০ ঘণ্টা এই তল্লাশি অভিযান চালায়। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, সূত্র ধরেই ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

