“২৯জন বিরোধী বিধায়কের মধ্যেও ছিলাম, ২৩৫ পাওয়া বামেদের দম্ভ আমি দেখেছি,” তৃণমূলকে পরোক্ষে হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রীরূপা চক্রবর্তী আমাদের ভারত, ১১ মে:
বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়ে একাধারে সরকারের গঠনমূলক কাজে যেমন সহোযোগিতার আশ্বাস দিলেন তেমনি একক সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের ‘দম্ভ’কেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। তার কথায় বিধানসভায় যখন ২৯ জন বিরোধী বিধায়ক ছিল তখন তিনিও ছিলেন, ২৩৫ পাওয়া বামেদের দম্ভ তিনি দেখেছেন।

বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে শুভেন্দু অধিকারী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে করোনা মোকাবিলায় সহযোগিতার বার্তা দেন। শুভেন্দু জানিয়েছেন, সরকারের গঠনমূলক কাজে তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একইসঙ্গে রাজ্যে যে সন্ত্রাস চলছে তা নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সর্বদাই সরব থাকবেন, তার বিধানসভার ভিতরে হোক বা বাইরে। সব জায়গাতেই সন্ত্রাসের বিরোধিতা করবেন তিনি।

সোমবার বিজেপি বিধায়কদের দলনেতা হিসেবে নির্বাচিত হন শুভেন্দু এবং মুখ্য সচেতক হিসেবে নির্বাচিত হন মনোজ টিগ্গা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, যখন বিধানসভায় বিরোধীদের মাত্র ২৯ জন বিধায়ক ছিল, তখনও তিনি ছিলেন, আর সেই সময় তিনি শাসকদলের ২৩৫ বিধায়কের দম্ভ দেখেছেন। বঙ্গ বিধানসভায় তিনি অপরিচিত নন।

একইসঙ্গে শুভেন্দু বলেন হিংসামুক্ত বাংলা, শান্তির বাংলা প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য। তিনি জানিয়েছেন, বাংলা তথা নন্দীগ্রামের বাসিন্দাদের চাহিদা পূরণের জন্য তিনি লড়াই করে যাবেন।

নন্দীগ্রামের তৃণমূল নেত্রীর হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি বিধানসভা নির্বাচনে হেরেছেন। সংবিধান তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিলেও নৈতিকতার বিচারে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় বলেই মনে করেন শুভেন্দু।


শীতলকুচি কানফে সিআইডি তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তদন্ত শুরু করেছে সিআইডি। তিনি বলেন সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী যা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *