আমাদের ভারত, ৩ আগস্ট:গত এক মাসের ব্যবধানে কাঁথি সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত জোড়া মামলায় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। ফলে কাঁথি কো-অপারেটিভ সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে আপাতত থেকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁকে সরানোর জন্য ডাকা বৈঠক সোমবার বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।
শুভেন্দু অধিকারীকে ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরাতে সমবায় ব্যাংকের কয়েকজন ডিরেক্টর একটি বৈঠক ডাকেন। আজ অর্থাৎ মঙ্গলবার সেই বৈঠক হবার কথা ছিল। এই বৈঠকের ব্যাপারে একটি নোটিশ জারি করে শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা আনার কথা বলা হয়। কিন্তু বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে এই বৈঠক ডাকাকে অবৈধ বলে অভিযোগ করেন কাঁথি সমবায় ব্যাংকের এক ডিরেক্টর।
এরপর তাঁর অভিযোগের প্রেক্ষিতেই মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার ওই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার জানান, চেয়ারম্যানের অনাস্থা নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে তা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। চেয়ারম্যানের অপসারণ চেয়ে এই ধরনের বৈঠক ডাকা যায় না। তার জন্য নির্দিষ্ট কারণ উল্লেখ থাকতে হয়। এছাড়াও সেই কারণের স্বপক্ষে যথাযথ প্রমাণ থাকাও দরকার। এক্ষেত্রে কোনোটি মানা হয়নি। সেই কারণেই এই বৈঠক বাতিলের নির্দেশ দেন বিচারপতি।
ফলে, আপাতত চেয়ারম্যান হিসেবে থাকতে আর কোনও বাধা রইলো না শুভেন্দুর। এর আগেও সমবায় ব্যাংকের সম্পাদক একটি বৈঠক ডাকেন গত জানুয়ারি মাসে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সেটিও তা বাতিল হয়। সোমবার বিচারপতি শম্পা সরকার এই বৈঠকের উপরেও নিষেধাজ্ঞা জারি করলেন। এর আগে কাঁথি সহ বেশ কয়েকটি সমবায় ব্যাংক স্পেশাল অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এই সব ব্যাঙ্কগুলির মাথায় ছিলেন বিজেপি নেতা শুভেন্দু। কিন্তু গতমাসে রাজ্য সরকারের ওই নির্দেশের ওপরেও স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। সেই সময় মামলার বিচারপতিও ছিলেন শম্পা সরকার। তিনি জানান, রিজার্ভ ব্যাংকে নিয়মিত অডিট রিপোর্ট পাঠায় কাঁথি সমবায় ব্যাংক। সেখানে কোনও আর্থিক গড়মিলের প্রমাণ পাওয়া যায়নি। ফলে এখনই স্পেশাল অডিটের প্রয়োজন নেই।

