আমাদের ভারত, কলকাতা, ৩১ অক্টোবর: কর্মরত সাংবাদিকের ওপর আইনভঙ্গকারীদের আক্রমণের প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার শুভেন্দুবাবু এক্স চ্যানেলে লেখেন, “সাংবাদিক অভিষেক সাহার উপর কাপুরুষোচিত ও নৃশংস হামলার নিন্দা করছি। যখন মালদা জেলার চাঁচলের খিদিরপুর গ্রামে মহানন্দা নদীতে অননুমোদিত নৌকা দিয়ে যাত্রীদের অবৈধ ফেরি করার বিষয়টি সংবাদ চ্যানেলের প্রতিবেদক টিভিতে লাইভ প্রচার করছিলেন, তখন আক্রান্ত হন। অতীতে ওই এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের সতর্কতার অভাবে মৃত্যু হয়েছে। সরকারী নজরদারির অভাবে কীভাবে অবৈধ পরিবহণ ব্যবস্থা চলছে, সেই সাংবাদিক তা কভার করছিলেন। সেই সময় অবৈধ অভিযান চালাচ্ছেন এমন লোকদের দ্বারা সাংবাদিক আক্রান্ত হন।
আমি আশা করব যে স্থানীয় পুলিশ ও প্রশাসন পদক্ষেপ নেবে এবং সাংবাদিকের উপর হামলার জন্য এই অবৈধ অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অননুমোদিত ফেরি পরিষেবা বন্ধ করবে। এই পরিষেবা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

