আমাদের ভারত,১৪ জুন:দিন কয়েক হয়েছে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে মুকুল রায়ের। আবার ফিরে এসেছেন জোড়াফুলে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে বিজেপির অনেক নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় নাম যোগ হলো রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। নন্দীগ্রামে বিজেপি বিধায়ক বললেন, বিজেপির জন্যেই মুকুল রায় বিধায়ক হয়েছেন। এর আগে কখনো তিনি ভোটে জয়ী হননি।
তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হলেও একবার নির্বাচনে লড়াই করে হেরে গিয়ে আর ভোট ময়দানে নামতে দেখা যায়নি মুকুল রায়কে। এবার সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষ করলেন মুকুল রায়ের দীর্ঘদিনের সহযোগিতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা মুকুল রায়কে উদ্দেশ্যে বলেন, “মুকুলদা কোনদিনই ভোটে জেতেননি। বিজেপি বিধায়ক করেছিল।”
শুভেন্দু বাবুর কথা অনুযায়ী মুকুল রায় কোনদিনই ভোটে জেতেননি। ২০০১ সালের জগদ্দল থেকে ভোটে লড়লেও সফল হননি। আর তারপর থেকে আর লড়াইয়ের ময়দানে তাকে দেখা যায়নি। কুড়ি বছর পর বিজেপি তাকে টিকিট দিয়েছিল। আর তিনি জিতেছেন। কিন্তু সেই কৃতিত্ব তার নিজের নয় বলেও বোঝাতে চেয়েছেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার দাবি কৃষ্ণনগর উত্তরের আসনে বিজেপির অবস্থা বেশ ভালো। ওখানে যদি দলের কোন বুথ সভাপতিও লড়াইয়ে নামতেন তাহলেও জয়ী হতেন।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে স্পষ্ট বিজেপি থেকে ফের তৃণমূলে ফেরত যাওয়াদের আচরণে তিনি বিরক্ত। তিনি ইতিমধ্যেই দলত্যাগবিরোধী আইন আনার তোড়জোড় শুরু করেছেন বলেও জানিয়েছেন।

