আমাদের ভারত, ১৫ মার্চ:নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ মনোনয়নের হলফনামায় তথ্য গোপন করেছেন তৃণমূল প্রার্থী। জানা গেছে কমিশনের কাছে মমতার মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিজেপি নেতা।
সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সভা করেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তার অভিযোগ মুখ্যমন্ত্রীর দাখিল করা হলফনামায় তথ্য গোপন করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি অসমে একটি সিবিআইয়ের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামায় মামলাগুলির উল্লেখ করেননি।
শুভেন্দু জানিয়েছেন ইতিমধ্যেই তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। তিনি দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন বাতিল করা হোক। এদিন এক নির্বাচনী সভা থেকে মমতাকে মিথ্যাবাদী বলেও আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, প্রথম দিন থেকে শুধু মিথ্যে কথা বলে চলেছেন মমতা।
অন্যদিকে শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “শুভেন্দু জানে ওর হার নিশ্চিত। জামানত জব্দ হবে। সেই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছে।” সৌগত রায়ের গলাতেও একসুর, তিনিও দাবি করেছেন হারের ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে শুভেন্দু। তিনি বলেন, “শুভেন্দু আইন কানুন কিছুই জানেনা।” এ বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, মামলার বিষয়ে আমার কিছু জানা নেই, তবে অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সে ক্ষেত্রে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।”
আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে সম্মুখ সমরে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ফলে ওই কেন্দ্রের দিকে প্রত্যেকের নজর রয়েছে। যদিও নিজেদের জয়ের ব্যাপারে নিশ্চিত যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তেমনি ভূমিপুত্র শুভেন্দুও। তবে মানুষের রায় জানতে অপেক্ষা করতে হবে ২মে পর্যন্ত।

