পুরুলিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসছেন শুভেন্দু, বড় কিছু ঘোষণার সম্ভাবনা

সাথী দাস, পুরুলিয়া, ৩০ অক্টোবর: পুরুলিয়ায় জগদ্ধাত্রী পুজোয় উদ্বোধনে আসছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়া শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে সেখানে তিনি দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ করবেন। রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিজেপি নেতা সংবাদ মাধ্যমের মুখোমুখী হবেন বলে জানা গিয়েছে। পুজোর আয়োজন চলছে মণ্ডপে। বড় কিছু রাজনৈতিক ঘোষণা হতে পারে উদ্বোধন স্থল থেকেই। বিজেপি সূত্রে এমনই জানা গিয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জেলা বিজেপির সহ সভাপতি তথা পুজোর মূল উদ্যোক্তা গৌতম রায় বলেন, “এবার আমাদের পুজো দশ বছরে পড়ছে। দাদা উদ্বোধন করবেন। পুজোয় রাজনৈতিক ভেদাভেদ নেই সবাই আমন্ত্রিত হয়েছেন। নিজের সময় মতো অনেক রাজনৈতিক নেতা উপস্থিত হবেন। তবে, দাদার উদ্বোধনের আগাম খবর ছড়িয়ে যাওয়ায় একটা উৎসাহ দেখা যাচ্ছে। রাজনৈতিক ঘোষণা বা কোনও কথা বলবেন কি না তা পরিষ্কার নয়। হলে হতেও পারে। আমরা প্রস্তুত রয়েছি।”

দুর্গাপুরে একটি জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করবেন। তার পরই বিকেলে পুরুলিয়া শহরে ঢোকার আগে হুড়াতে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “শুভেন্দু দা আসছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। তিনি মানেই তো বড় খবর।”

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি নিয়েই তোপ দাগবেন বিরোধী দলনেতা বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *