এবছর সরকার আমাদের হবে, ব্যবহার বদলে ফেলুন আজকের পর, মুর্শিদাবাদের সভা থেকে পুলিশের উদ্দেশ্যে বললেন শুভেন্দু

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি: রাজ্যে নির্বাচন ঘোষণার দিন মুর্শিদাবাদ জেলার বড়ঞা সভা মঞ্চ থেকে পুলিশ সহ তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে লালবাগে রোড শো করবার পর বড়ঞা বিধানসভার অন্তর্গত আন্দি গ্রামে কালিতলা মাঠে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, এবছর একটু অন্যরকম ভোট দেখবেন। এবছর ভোট দিদির পুলিশ করবে না, দাদার পুলিশ করবে।
পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন, আপনারা লিখিত পরীক্ষা পাস করে নিজের যোগ্যতায় পুলিশের চাকরি করছেন। তিনি ঘুরিয়ে পুলিশকে তৃণমূলের তাঁবেদারি করতে বারণ করেন।

শুভেন্দুবাবু জোর গলাতে বলেন, এবছর সরকার আমাদের হবে, ব্যবহার বদলে ফেলুন আজকের পর। ১৫ মে’র পর আমাদের দলীয় কর্মীদের কাছে আসতে হবে। আমি সব কিছু লিখে রাখছি। নির্বাচন বিধি চালু হলে ওসি-র পাশে বসে তৃণমূল নেতাদের কথা বলা বন্ধ হয়ে যাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি এই জেলায়। যেখানে ভোট হয়েছে সেখানে পদ্ম ফুল জিতেছে। এবার বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সাথে বিজেপির লড়াই হবে। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হবে এবং তারা তৃতীয় স্থানে থাকবে।
শুভেন্দুবাবু বলেন -কোথাও কোথাও কেউ আমাকে বলছে মীরজাফর। যদি শুভেন্দু অধিকারী মূল্য না থাকে তাহলে মাননীয়া নন্দীগ্রাযে দাঁড়াচ্ছেন না কেন? আমি তাঁকে হাফ লক্ষ ভোটে হারাব। শুধু নন্দীগ্রামে নয় ভবানীপুরেও হারাবো। আমি সব কিছু থেকে পদত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছি। অন্যদিকে খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত খাতায় কংগ্রেসের বিধায়ক আর তৃণমূল পতাকা ধরে ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, ভাইপোকে তোলাবাজ বললেই রেগে যায়। কান্দি মহকুমা কিছু নদীর আর অস্তিত্ব নেই। বালির সব তোলাবাজির টাকা ভাইপোর কাছে চলে যাচ্ছে। ম্যাডাম নারুলা কে? কেউ কেউ বলছেন বাংলার মহিলাদের অপমান করা হয়েছে। যে বাংলার মহিলা সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, থাইল্যান্ড অ্যাকাউন্ট আছে, তার? বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ আবার বলেন, বিজেপি সরকার ক্ষমতাতে এলে বাংলার ৭৩ লক্ষ কৃষক সুবিধা পাবেন। এদিনের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরী শঙ্কর ঘোষ, রাজ্য বিজেপি সহ সভানেত্রী মাফুজা খাতুন, জেলা সাধারণ সম্পাদক তপন চন্দ্র একাধিক বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *