এবার সম্মুখ সমরে! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ৬ মার্চ: সব জল্পনার অবসান। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নামলেন শুভেন্দু অধিকারী। শোনা গিয়েছিল শুভেন্দু নিজেই বিজেপি নেতৃত্বের কাছে নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করেছিলেন তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন। সেই দিনই কলকাতা থেকেই শুভেন্দু ঘোষণা করেছিলেন দিদিকে অন্তত ৫০ হাজার ভোটে হারাবেন তিনি। সেই দিনই অনুমান করা শুরু হয়েছিল শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হবেন। আজ তাতে সীলমোহর পড়ল।

এই নন্দীগ্রামই একসময় বামেদের বিরাট অধ্যায় শেষের কান্ডারি হয়ে উঠেছিল। এই নন্দীগ্রামই বামেদের ভিত নাড়িয়ে দিয়েছিল। আবারও ২০২১ এর নির্বাচনে সেই নন্দীগ্রামই সমান প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আবারও উঠেছে পরিবর্তনের স্লোগান। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সেই নন্দীগ্রাম আবার কোনো পরিবর্তনের প্রতীক হতে চলেছে? নাকি নন্দীগ্রামই তৃণমূলের ভিত মজবুত করবে রাজ্যে। ভুমিপুত্র নাকি জননেত্রী কাকে বরণ করবে নন্দীগ্রাম পয়লা এপ্রিলে? কি হবে এবারের ভোটের সবচেয়ে বড় ব্যাটেল গ্রাউন্ডের ভবিষ্যত?

আজ বিকেল সাড়ে ছটা নাগাদ দিল্লি থেকে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের ৬০ আসনের মধ্যে ৫৭ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানেই স্পষ্ট হয়ে যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর তার বাবা শিশির অধিকারী দাবি করেছেন তার ছেলে নন্দীগ্রামে বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি বলেন মানুষের মন ভেঙেছে তৃণমূলের প্রতি। যদিও তৃণমূলের নেতা কুনাল ঘোষের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে অন্তত ১ লক্ষ ভোটে জয়ী হবেন। দলের প্রার্থীদের নাম ঘোষণার দিন নেত্রীও বলেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমি নন্দীগ্রাম থেকেই লড়ব।”

ভাইপো হটাও রাজ্য বাঁচাও। এই স্লোগান দিয়েই বিজেপিতে যোগদান করেই শুভেন্দু অধিকারী একরকম পাখির চোখ করে ফেলেছিলেন নন্দীগ্রামকে। নন্দীগ্রামের আন্দোলনের পুরোধা কে,কে বেশি কাজের মানুষ নন্দীগ্রামের, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দুর বিস্তর দড়ি টানাটানির খেলা দেখছে রাজ্যবাসী। তবে কে বেশি নন্দীগ্রামের মাটির কাছের তা বুঝতে অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *