পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: খড়্গপুরে দুর্ঘটনায় নিহত ৬ ফুল চাষির পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানানো পাশাপাশি তাদের হাতে ক্ষতিপূরণ তুলে দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত তিনদিন আগে ভোর বেলায় ডেবরার কাছে জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানে যখন ফুল চাষিরা ফুল বোঝাই করছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। প্রায় ১০-১২ জন ফুল চাষি ফুল গাড়িতে ফুল বোঝাই করার সময় পেছন থেকে সিমেন্ট বোঝাই একটি লরি এসে ধাক্কা মারে। ফলে পিকআপ ভ্যানটি পাশে নয়ন জুলিতে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় ৬ ফুল চাষির। আহত হয় বেশ কয়েকজন। এরপর আহতদের প্রথমে খড়্গপুর হাসপাতালে, পরে মেদিনীপুরে এবং তারপরে বাইরে নিয়ে যাওয়া হয়।

আজ নিহতদের পরিবারের হাতে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষ করেন শাসক দলের বিরুদ্ধে।


