পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২ এপ্রিল: আজ মেদিনীপুর শহরের শতবর্ষ প্রাচীন মির্জাপাড়া গোয়ালাপাড়া সুভাষ সংঘ ব্যায়ামাগারের উদ্যোগে ৬০ বছরের রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য সুবিশাল আখড়ার আয়োজন করা হয়। এই আখড়াটি ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে কেরানীতলা, নান্নুর চক, পঞ্চুরচক, গোলকুঁয়া চক, বটতলা চক সহ সম্পূর্ণ শহর পরিক্রমা করে পুনরায় সুভাষ সংঘ ব্যায়ামাগারে এসে শেষ হয়। আখড়া চলাকালীন কেরানীতলায় অবস্থিত মিসকো ক্লাবের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের ব্যাক্তিরা শোভাযাত্রায় উপস্থিত ভক্তবৃন্দদের সরবত দেন। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের সভাপতি সুজয় হাজরা, বিশিষ্ট শিক্ষক সুকুমার বেরা, মিসকো ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মজলা হুজুর, এনামুল খাঁ, বাবলু সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

দুই সম্প্রদায়ের পক্ষ থেকে সুজয় হাজরা এবং মজলা হুজুর জানান যে, ঐতিহাসিক এই মেদিনীপুর শহর শান্তি, সম্প্রীতির শহর। এই শহরে ধর্ম যার যার উৎসব সবার জন্য এই নীতিতে বিশ্বাসী। এই শহরে জাতি ধর্ম নির্বিশেষে সকল বর্ণের মানুষ সমস্ত অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিছু বিভেদকামী শক্তি একে অপরকে আলাদা করার চেষ্টা করছে কিন্তু তা সফল হবে না। এই আখড়ায় প্রায় পঞ্চাশের অধিক নানা ধরনের ট্যাবেলো নিয়ে প্রায় হাজার ছয়েক মানুষ অংশগ্রহণ করে।

হাওড়ার শিবপুরে রামনবমী উপলক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই ঘটনা মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন কোতওয়ালী থানার আইসি পার্থ সারথি পাল এবং টাউন বাবু তরুণ দে।

