অসুস্থতার কারণ দেখিয়ে নির্দল প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন গোবরডাঙ্গার সুভাষ দত্ত

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ ফেব্রুয়ারি: শারীরিক অসুস্থতার কারণে অবশেষে প্রার্থীপদ থেকে নিজেকে সরিয়ে নিলেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার প্রাক্তন প্রধান সুভাষ দত্ত। তৃণমূলের টিকিট না পেয়ে তিনি এবারে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শারীরিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার ২ বারের তৃণমূল প্রধান ছিলেন সুভাষ দত্ত। তাঁর আমলে গোবরডাঙা এলাকায় প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। একসময় ভগ্নপ্রায় গোবরডাঙার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রকে উন্নত চিকিৎসা কেন্দ্রে পরিণত করার জন্য মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে এ ব্যাপারে অনীহা দেখালেও পরবর্তীতে এ বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেন।

করোনা পরিস্থিতিতে এই হাসপাতালটিকে করোনা হাসপাতালে পরিণত করার কারণে এলাকার করোনা আক্রান্ত মানুষরা উপকৃত হয়েছিলেন। আগামী দিনে এই হাসপাতালটিকে সাধারণ হাসপাতালে পরিণত করা হবে বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এমনই এক পরিস্থিতিতে এবারের পুর নির্বাচনে তৃণমূল সুভাষ দত্তকে টিকিট দেয়নি। স্বাভাবিক ভাবেই অসম্মানিত এবং অভিমানী হয়ে পড়েন সুভাষ বাবু। এলাকার মানুষের দাবি মেনে এরপর তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে, নির্বাচনের মুখে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত তিনি নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে পরিবার সূত্রে জানা গেছে। শনিবার রাতে এ ব্যাপারে তিনি দলের জেলা নেতৃত্বকে লিখিত আকারে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *