আমাদের ভারত, আরামবাগ, ২৪ আগস্ট: বাদলা থেকে উপ-স্বাস্থ্য কেন্দ্র সরে যাচ্ছে কানপুরে। এই নিয়ে পূর্বে বহু ক্ষোভ-বিক্ষোভ, প্রতিবাদ-প্রতিরোধ, হয়েছে কিন্তু তারপরও আটকানো যায়নি গোঘাট ব্লক প্রশাসনের উপস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত।
বাদলার গ্রামবাসীদের অভিযোগ, দুটি মৌজার মধ্যবর্তী স্থানে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার জন্য সরকারি নিয়ম মেনে জমি হস্তান্তর হয়েছে এবং আপৎকালীন পরিষেবাও শুরু হয়েছিল কিন্তু তারপরেই হঠাৎ সিদ্ধান্ত বদল এবং উপস্বাস্থ্য কেন্দ্র চলে যায় কানপুরে। গ্রামবাসীদের আরো অভিযোগ, বর্তমানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে সেটি একটি শ্মশান এবং ব্যক্তি মালিকানার জায়গা। সরকারি পরিষেবার গুরুত্বপূর্ণ দপ্তর কিভাবে ব্যক্তিগত জায়গার উপরে হচ্ছে সেই নিয়েই আমাদের প্রতিবাদ।
এক গ্রামবাসী জানান, প্রথম থেকে যেখানে তৈরি হওয়ার কথা ছিল যাতে সেখানেই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় সেই কারণেই আজ আমরা গ্রামের সমস্ত বাড়িতে অরন্ধন কর্মসূচি পালন করছি। প্রতিবাদ অভিনব, ভাবতে হবে গোঘাট প্রশাসনকে।

