হুলুস্থূল কান্ড! জলপাইগুড়িতে যাত্রী বোঝাই চলন্ত বাসের সিটের নীচ থেকে উদ্ধার কালনাগিনী সাপ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ এপ্রিল: ডুসার্স থেকে জলপাইগুড়ি শহরে আসা চলন্ত পাবলিক বাসের সিটের নিচ থেকে উদ্ধার হলো সাপ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার যাত্রী বোঝাই বাসে হুলুস্থূল কান্ড বাধে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে। হঠাৎই যাত্রীদের নজরে আসে সাপটি। সেখানেই বাস থামিয়ে দিলে হুড়োহুড়িতে যাত্রীরা বাস থেকে নেমে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাপ উদ্ধারকারী সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। কিন্তু অনেক চেষ্টার পরেও সাপ উদ্ধার হয়নি জাতীয় সড়কে। সেই বাস নিয়ে আসা হয় শান্তি পাড়ার বেসরকারি বাস স্ট্যান্ডে।
সেখানে দীর্ঘক্ষণের চেষ্টায় বাস থেকে উদ্ধার হয় সাপটি। উদ্ধার হওয়া সাপের নাম কালনাগিনী।

জানা গিয়েছে, ডুয়ার্সের কালচিনি থেকে এদিন যাত্রী বোঝাই করে জলপাইগুড়ির উদ্দেশে আসছিল পাবলিক বাসটি। প্রায় ৯০ কিমি রাস্তা পার হয়ে জলপাইগুড়ির তিস্তা সেতুর সামনে বাসটি আসা মাত্রই যাত্রীরা দেখেন বাসের সিটের নিচে কিছু একটা মুখ বের করে রয়েছে। ভালোভাবে দেখা মাত্রই নজরে পড়ে সাপটি। এরপরেই যাত্রীরা চিৎকার করতে বাস থামিয়ে দেওয়া হয়।

সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, উদ্ধার হওয়া সাপটি কালনাগিনী। সেটি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।”

বাসের মালিক বাবুয়া সাহা বলেন, “কোথা থেকে সাপ এলো বুঝতে পাচ্ছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *