টাকার জন্য আর লেখাপড়া বন্ধ নয়, প্রতিশ্রুতি মত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা মমতার

রাজেন রায়, কলকাতা, ৩০ জুন: কন্যাশ্রী থেকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার টাকা পয়সার অভাবে রাজ্যে কোনও ছাত্র-ছাত্রীর যাতে পড়াশোনা বন্ধ না হয়, তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

দশম শ্রেণি উত্তীর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই কার্ড। জানা গিয়েছে, দশম থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণা, ডাক্তারি পড়ার ক্ষেত্রে বিশেষ এই কার্ডের মাধ্যমে লোন পাওয়া যাবে। রাজ্যের সীমানা ছেড়ে দেশ-বিদেশে কার্ডের সুবিধা পাওয়া যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষত্রে কোচিংয়ের ফি-ও মেটানো যাবে। এছাড়া লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, হস্টেল ফি, বই কেনা যাবে।  কম্পিউটার ও ল্যাপটপ কেনার ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে মিলবে ঋণ।

৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের  সুবিধা পাওয়া যাবে। ঋণের মেয়াদ ১৫ বছর। সরকারি বেসরকারি সমস্ত ব্যাঙ্ক থেকেই ঋণ মিলবে। আর এই ঋণের গ্যারান্টার হবে খোদ রাজ্য সরকার।

সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যেই ১ কোটি পড়ুয়া সাইকেল পেয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে আরও ১২ লক্ষ সাইকেল দেওয়া হবে। তাদের মধ্যে ২০১৯ সালের নবম শ্রেণির ৩ লক্ষ পড়ুয়া ও ২০২০ সালের ৯ লক্ষ পড়ুয়া রয়েছে। এছাড়া তরুণের স্বপ্ন প্রকল্পে এবছরে দ্বাদশ শ্রেণির সাড়ে আট লক্ষের বেশি পড়ুয়া ট্যাবের টাকা পেয়েছে। এবার যাঁরা দ্বাদশ শ্রেণিতে উঠবে, নিয়ম অনুযায়ী তারা পাবেন ট্যাবের ১০ হাজার টাকা। তার সঙ্গে যুক্ত হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *