পাশ করানোর দাবি, শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ বাসন্তীর রামচন্দ্রখালি নরেন্দ্র শিক্ষা নিকেতনের পড়ুয়াদের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৮ নভেম্বর: একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় স্কুলের অর্ধেকের বেশি পড়ুয়া ফেল করেছে। তাদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করানো হয়নি স্কুলের তরফ থেকে। শিক্ষকরা জানিয়ে দেন কোনভাবেই তাদের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয় হবে না। সেই মতো উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় তাদের বসতে দেওয়া হয়নি। আর এতেই আন্দোলন শুরু করেছে ফেল করা পড়ুয়ারা। বাসন্তীর রামচন্দ্রখালি নরেন্দ্র শিক্ষা নিকেতনের ঘটনা।

টেস্ট পরীক্ষায় বসার দাবিতে মঙ্গলবার স্কুলের শিক্ষকদের প্রায় আড়াই ঘণ্টা স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাল তারা। পরে অবশ্য প্রধান শিক্ষক ও বিক্ষোভকারী পড়ুয়াদের অভিভাবকদের আলোচনায় সমস্যার সমাধান হয়। যারা ফেল করেছে সকললেই পুনরায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে আরও ভালোভাবে পড়াশোনা করবে বলে আশ্বাসও দিয়েছে।

প্রধান শিক্ষক আনন্দ বক্সী বলেন, “আমরা চাই আমাদের পড়ুয়ারা সকলে ভালো করে শিখে, জেনে এগিয়ে যাক। যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সকলকেই আবার একাদশ শ্রেণিতে ভর্তির কথা বলেছি। ওরা রাজি হয়েছে।”

আন্দোলনরত পড়ুয়ারা বলে, “ স্যাররা আমাদের ভালোর জন্যই এটা করেছেন সেটা আমরা বুঝেছি। আমরা আরও ভালোভাবে পড়াশোনা করবো এবং পরীক্ষায় পাশ করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *