স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ ফেব্রুয়ারি: অফলাইন নয়, অনলাইনেই পরীক্ষার দাবিতে পরীক্ষা বয়কট করে আন্দোলনে নামে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা। শুক্রবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজের প্রবেশ দ্বার বাইরে থেকে বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ।

বিক্ষোভকারী বিভিন্ন ট্রেডের তৃতীয় বর্ষের পড়ুয়াদের দাবি, এতদিন ধরে পলিটেকনিক কলেজ বন্ধ থাকায় তাদের অনলাইনে ক্লাস হয়েছে। কিছুদিন ধরে কলেজ খুলতেই এখন আচমকা তাদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা অফলাইনে পলিটেকনিক কলেজের রুমেই নেওয়া হচ্ছে। এতে তাদের প্রস্তুতি ঠিকঠাক না হওয়ায় অনলাইনে পরীক্ষা হলেই তারা সাবলিলভাবে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে বলে দাবি৷ আর এই দাবিতেই এদিন পলিটেকনিক কলেজের ভেতরে বিক্ষোভ দেখিয়ে পরীক্ষা কক্ষ থেকে বেড়িয়ে মূল গেট বাইরে থেকে বন্ধ করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন কয়েকশো পড়ুয়া। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। রায়গঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে আন্দোলনকারীদের বুঝিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা চালায়। তবে ছাত্রছাত্রীদের এই আন্দোলনে রীতিমতো হতচকিত হয়ে যান শিক্ষকরা। পরীক্ষার রুমে পরীক্ষার্থীরা না থাকায় শিক্ষকরাও বাইরে বেড়িয়ে আসেন। তবে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা না হলে এই আন্দোলন চলবে বলেই জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।
যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন আন্দোলনকারীদের এই দাবী পূরণ হয় কি না সেটাই এখন দেখার।

