একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ জুন: নিজের স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোপীবল্লভপুরের নয়াবসান হাইস্কুল চত্বরে। ছাত্রছাত্রীদের বিক্ষোভ সামাল দিতে স্কুল চত্বরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

জানা গেছে, এদিন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ এবং নয়াবসান বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের স্কুল এবং একদম পাশে থাকা বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ না দিয়ে বাইরের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন স্কুলেরই ছাত্রছাত্রীরা। কারণ নিজেদের স্কুলে ভর্তি হতে পারবে এই আশায় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত অন্য কোনো স্কুলে ভর্তির আবেদন করেনি। তাই এদিন ভর্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা।

স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি না নিয়ে অপেক্ষাকৃত কম নাম্বার পাওয়া অন্য স্কুলের ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তি নিচ্ছে শুধু জাতিগত কোটার কথা বলে। কিন্তু নিজের স্কুলের ছাত্রছাত্রীদের বেশি নাম্বার থাকা সত্ত্বেও জেনারেল ক্যাটাগরির কারণে ভর্তি নেওয়া হচ্ছে না।

তবে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ আন্দোলন নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাইলে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক তুষার কান্তি মহাপাত্র সংবাদ মাধ্যমের কর্মীদের কোনো প্রকার প্রতিক্রিয়া দিতে বাধ্য নয় বলে সাফ জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *