মানবাজার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মাদক ও মোবাইল গেম বর্জনের শপথ

সাথী দাস, পুরুলিয়া, ১৪ নভেম্বর: মাদক ও মোবাইল গেম বর্জনের জন‍্য শপথ গ্রহণ করল মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক জাতীয় পুরষ্কার প্রাপ্ত অমিতাভ মিশ্র জানান, “শিশু দিবসে অংশগ্রহণ করে গ্রাম সাফাই অভিযান, শৌচাগারের নিয়মিত ব‍্যবহার ও প্লাস্টিক বর্জন সংক্রান্ত প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাদক ও মোবাইল ফোন বর্জনের জন্য পড়ুয়াদের শপথ বাক‍্য পাঠ করান ‘শিশু সংসদের প্রধানমন্ত্রী’ রীণা হাঁসদা। অনুষ্ঠানের শেষে পায়েস ও জিলিপি সহ পড়ুয়াদের জন‍্য বিশেষ মধ‍্যাহ্ন ভোজন করায় স্কুল কর্তৃপক্ষ।”

গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে নির্মল বিদ্যালয়, ২০১৪ সালে শিশু মিত্র এবং ২০১৬ সালে যামিনী রায় প্রভৃতি রাজ্য সরকারের পুরস্কার একের পর এক পেয়েছে। এমনকী, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের সম্মানও পেয়েছে। ওরা কিন্তু ওদের কাজের ধারাবাহিকতা ধরে রেখেছে। মানবাজার ১ ব্লকের এই বিদ্যালয়ের শিক্ষকরা প্রায়শই পড়ুয়াদের স্কুলের বাইরে ঘুরতে নিয়ে গিয়ে হাতেকলমে প্রকৃতিপাঠ দেন। সেখানে পড়ুয়ারা বাগানে আনাজ ফলায়, স্কুলে প্লাস্টিক থেকে তৈরি হয় ইট, সেই ইটে বানানো হয় জৈব সার তৈরির চৌবাচ্চা। পাঠ্যসূচি আর পরিবেশে মিলেমিশে এক হয়ে যায় শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *