জয় লাহা, দুর্গাপুর, ১৫ আগষ্ট:
‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান।’ গানের তালে স্বাধীনতা দিবসে প্রভাত ফেরি। রবিবার কাঁকসার সিলামপুরে ৭৫ তম স্বাধীনতা দিবসে এভাবেই পালন করল ইশমাতারার পাঠাশালার খুদে পড়ুয়ারা।
এদিন সকালে প্রায় ৪০ জন পড়ুয়া সাদা পোশাক পরে সুসজ্জিত ভাবে প্রভাতফেরিতে সামিল হয়। গানের সঙ্গে বীর শহিদদের নামে জয়ধ্বনি। বর্ণাঢ্য ওই শোভাযাত্রায় গোটা গ্রামে মুখরিত করে তোলে। তারপর রীতি মেনে জাতীয় পতাকা উত্তোলন। সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বিশাল মঞ্চ না থাকলেও ইশমাতারার বাড়ির বারান্দায় ছিল এদিন সংস্কৃতি মঞ্চ। খুদে পড়ুয়ারা কবিতা আবৃতি, নৃত্য, গীতের মাধ্যমে ছোট মঞ্চ আলোকিত করে তোলে। পড়ুয়াদের মধ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন দিদিমনি ইশমাতারা খাতুন।

তিনি বলেন, “স্বাধীনতা দিবসে বীর শহিদদের স্মরণ করা। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা। স্বাধীনতা সংগ্রামীদের অবদান পড়ুয়াদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাবে।’ তিনি পড়ুয়াদের বলেন, ‘নিজেদের মনের মধ্যে অহিংসা আনতে হবে। মানুষ হতে হবে। জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষকে আপন করে নিয়ে সমাজের কাজে নিজেদের এগিয়ে আসতে হবে। হিংসা, বিবাদ, ভেদাভেদ ভুলে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তবেই সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে উঠবে। ৭৫ তম স্বাধীনতা দিবসে এটাই সঙ্কল্প।”

