আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা চলছে। বই খাতা খুলে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা এমনই দৃশ্য চোখে পড়ল জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের বারান্দায়।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের অনলাইন পরীক্ষা চলছে তাও আবার বই খাতা খুলে। বুধবার এমনই দৃশ্য চোখে পড়ল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্সের বিপরীতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বারান্দায়। বিশ্ববিদ্যালয়ের অনলাইনের পরীক্ষাও বই খাতা খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এমন দৃশ্য দেখে হতবাক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লৈক্ষ মোহন রায়। তাঁর দাবি, দেখেও না দেখার ভান করেছি। উপায় নেই। ছাত্র-ছাত্রীরা অকপটে স্বীকার করে নিলেন সিলেবাস কমপ্লিট হয়নি। তাই বাধ্য হয়ে তারা পরীক্ষা দিচ্ছে অনলাইনে। আর অনলাইন পরীক্ষা হওয়ায় কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো ছাত্রছাত্রীকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজের বিপরীতে প্রাথমিক শিক্ষা সংসদের বারান্দায় বসেই অনলাইনে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন এমনটাই দাবি ছাত্র-ছাত্রীদের। কিন্তু অনলাইনে পরীক্ষার নামে যে ভাবে বই খাতা খুলে পরীক্ষা দিল তারা সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।


