আমাদের ভারত, ক্যানিং, ৪ অক্টোবর: দুর্গা পুজোর পরেই খুলতে পারে স্কুল কলেজ। সেই কারণেই আগেভাগে প্রস্তুত থাকছে কলেজ কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে তাই কলেজ পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো ক্যানিংয়ে।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ৮৭০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা কলেজে এসেছেন ভ্যাকসিন নিতে। সোমবার সকালে কলেজে ভ্যাক্সিনেশন প্রোগ্রাম ঠিকঠাক ভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে কলেজে আসেন ক্যানিংয়ের মহকুমাশাসক আজহার জিয়া ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পরিমল ডাকুয়া।
সোমবার সকলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব না হলে, মঙ্গলবারও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু বঙ্কিম সর্দার কলেজ নয়, এদিন মহকুমার মোট চারটি কলেজেই ভ্যাকসিন দেওয়া চলছে। প্রায় ২০০০ জন ছাত্র ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।

