স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ জুলাই: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর সুইসাইড নোট লিখে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার সবুজ পল্লী এলাকার। জানা গেছে, মৃত ছাত্রীর নাম বর্ষা দেব। সে শান্তিপুরের ফুলিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে খবর, এদিন বিকেলে বর্ষা ঘরের ভেতরেই দরজা বন্ধ করে ছিল। পরিবারের লোকজন বার বার ডাকাডাকি করলেও সাড়া শব্দ মেলেনি। এরপর ঘরের দরজা ভেঙ্গে ঢুকতেই দেখা যায় তার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়।
মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে ঘর থেকে পাওয়া যায় ওই ছাত্রীর লেখা একটি সুইসাইড নোট। সেখান থেকে পরিবার স্পষ্ট হয়, মেয়ে প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কারণে মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে। তার পরিবারের কাছ থেকে জানা যায়, পাশের গ্রামের একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারকে এর আগে জানিয়েছিল ওই ছাত্রী। তবে এ বিষয়ে গুরুত্ব দেয়নি পরিবার।
এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ না করলেও পুলিশকে মৌখিকভাবে জানায় মৃতের পরিবার। ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

