বনগাঁয় কি ভয়ঙ্কর কান্ড ঘটালো চতুর্থ শ্রেণির ছাত্র! দিশাহারা পরিবার

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২ সেপ্টেম্বর: চতুর্থ শ্রেণির এক ছাত্রের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশাহারা পরিবার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ধর্ম পুকুরিয়া এলাকায়। ওই ছাত্রের নাম রাজ সরকার (১১)। সে ধর্মপুকুরিয়ে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে তার মা ও বোন পাশেই রাজের পিসির মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। রাজকে তার মা জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বললেও সে তার ঠাকুরদাদা অসুস্থ অবস্থায় বাড়িতে থাকায় যেতে রাজি হয়নি। সেই সময় সে ঘরে টিভি দেখছিল। সন্ধ্যার পর জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়ার সময় রাজকে ডাকতে পাঠায় ভাগ্নে সুকান্তকে দিয়ে। সুকান্ত ঘরের দরজা খুলে দেখে ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে রাজ, তার নিচে একটি চেয়ার রয়েছে। সুকান্ত প্রতিবেশীদের সহযোগিতায় রাজকে নামিয়ে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজকে মৃত বলে ঘোষণা করে।

রাজের এই অকাল মৃত্যুতে শোকাহত এলাকাবাসী সহ তাঁর পরিবার। কি কারণে তাঁর এই আত্মহত্যা তা সকলেরই অজানা। কান্নায় ভেঙে পড়েছে রাজের মা, বাবা সহ তাঁর আত্মীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *