আমাদের ভারত, বাঁকুড়া, ১২ মে: ক্লাসে নূন্যতম হাজিরা না থাকায় পরীক্ষায় সুযোগ না পাওয়ায় ছাত্র বিক্ষোভে এক অধ্যাপকের নিগ্রহের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া ক্রিশ্চান কলেজে।

আজ থেকে বাঁকুড়া ক্রিশ্চান কলেজে শুরু হয় ষষ্ঠ সেমিষ্টারের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজের ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিত না থাকলে পরীক্ষায় বসার সুযোগ পাবে না কোনও পড়ুয়া। এই নিয়মে দেখা যায় বহু ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারবে না। কলেজ কর্তৃপক্ষ উপস্থিতির হার শিথিল করে ৪০ শতাংশ করে। এক্ষেত্রেও প্রায় পঞ্চাশ জন ছাত্র পরীক্ষা থেকে বঞ্চিত। এইসব বঞ্চিত পড়ুয়ারা আজ সকালে পরীক্ষা শুরুর পূর্বে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় কয়েকজন অধ্যাপক কলেজে প্রবেশ করতে গেলে ছাত্ররা বাধা দেয়, শুরু হয় ধাক্কাধাক্কি। এরই মাঝে এক অধ্যাপকের জামা ছিঁড়ে যায়। এই ঘটনায় অধ্যাপকরা ক্ষোভ প্রকাশ করেন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। এ বিষয়ে ছাত্র ও কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।
জানা গেছে, সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

