আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৪ জুলাই: সরকারি স্কুলের মধ্যেই সাপের কামড়ে জখম হল অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে। ওই ছাত্রের নাম দেব কুমার মাল। বাড়ি রামপুরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাকলামাঠ এলাকায়।
সোমবার ওই ছাত্র পানীয় জলের জন্য বোতল নিয়ে রান্না ঘরে যায়। সেখানেই তাকে সাপে কামড়ায় বলে দাবি ছাত্রের। আতঙ্কে ওই ছাত্র ছুটে স্কুলের বাইরে বেরিয়ে যায়। স্কুলের আশপাশে থাকা ব্যক্তিরা তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে যান ছাত্রের মা বাবা থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক।

বাবা কৃষ্ণা মাল বলেন, “স্কুলের মধ্যে সাপে কামড়ালে তা ভাবার বিষয়। স্কুল কর্তৃক্ষের আরও বেশি করে এ বিষয়ে নজর দেওয়া উচিত”।
প্রধান শিক্ষক কৌস্তভ দে বলেন, “আমরা নিয়মিত স্কুলের চারিপাশ পরিষ্কার করি। তারপরও কিভাবে সাপ এলো বুঝতে পারছি না। তবে সাপ এখনও দেখতে পাইনি। আমরা মহকুমা শাসকের সঙ্গে কথা বলে বনদফতরের লোকজন নিয়ে সাপ খোঁজার চেষ্টা করব”।
এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে।

