বড় দিনের ছুটির আগেই ছাত্রের প্রাণ কাড়ল লরি, পুরুলিয়া শহরের দুর্ঘটনা

সাথী দাস, পুরুলিয়া, ১৮ ডিসেম্বর: টিউশন থেকে বাড়ি ফেরা হল না কিশোরের। পথে লরির ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের। রবিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে। মৃত ছাত্রের নাম রাজদ্বীপ গায়েন(১৩)। বাড়ি ২১ নম্বর ওয়ার্ডের চুনাভাটি এলাকায়। একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে। দুর্ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ পৌঁছে পরিস্থতি সামাল দেয়। কিশোরের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

খবর পেয়ে দুর্ঘনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর ছাড়াও পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন, “একটি গ্যাস বোঝাই লরির সঙ্গে ওই কিশোরের সাইকেলের হ্যান্ডেল ফেঁসে যায়। তখনই চলন্ত ওই লরির চাকার তলায় ঢুকে যায় সে। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। আমি ওই রাস্তা শুধু নয়, রাঁচি রোডের সংযোগ স্থল থেকে তেলকল পাড়া পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে যান চলাচলে গতি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ সুপার ও ট্রাফিকের সঙ্গে কথা বলছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *