জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ জুন: ওডিশা উপকূলে উদয়পুরে সমুদ্রে স্নান করার সময় তলিয়ে মৃত্যু হয়েছে কল্যাণীর সেন্ট্রাল পার্ক এলাকার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র সাগর ঢালির (১৬)। সিবিএসসি বোর্ডের নারায়না স্কুলের ছাত্র ছিল সে। মামা ননীগোপাল ঘোষ ও মামি সীমা ঘোষের সঙ্গে শুক্রবার সকালে দিঘায় বেড়াতে আসে সাগর। বেলা সাড়ে দশটা নাগাদ তারা উদয়পুরে বেড়াতে যায়। সেখানে স্নানে নেমে ঢেউ ভাঙতে ভাঙতে খানিকটা দূরে এগিয়ে যায় সাগর। তলিয়ে যেতে দেখে তার মামা তাকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু আচমকা একটি বড় ঢেউ এসে আরও দূরে টেনে নিয়ে যায় সাগরকে।

মামা ননীগোপাল বলেন, ‘সেই সময় চিৎকার করলেও উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেনি। স্থানীয় তালসারি মেরিন থানার পুলিশও ভাল ব্যবহার করেনি। পুলিশের সাহায্য পেলে হয়তো ভাগ্নাকে এভাবে হারাতে হত না।’ তলিয়ে যাওয়ার মিনিট দশ বাদে দিঘার দিকে ভেসে আসে মৃতদেহ। খবর পেয়ে দিঘা পুলিশ ও নুলিয়ারা তা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।

