আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: আনিস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার অবস্থান বিক্ষোভ করে ছাত্র পরিষদ।
প্রায় ১ ঘন্টা কলেজস্ট্রিটের চার মাথার মোড় অবরুদ্ধ করে চলে অবস্থান। পরে পুলিশ হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। কলকাতা জেলা সভাপতি দেবজ্যোতি দাসের নেতৃত্বে এই অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, হাওড়া জেলা ছাত্র পরিষদের সভাপতি শাহিদ কুরেশি, সামাজিক মাধ্যম শাখার চেয়ারম্যান ফারুক আহমেদ, রাজ্য সম্পাদক ইন্তেখাব আক্তার সহ ছাত্র পরিষদ নেতৃত্ব।

প্রসঙ্গত, শনিবার ভোরে কবর থেকে আনিসের দেহ তোলা নিয়ে ধুন্ধুমার হয় হাওড়ার আমতার দক্ষিণ খাঁপাড়ায়। বিক্ষোভের মুখে দেহ না তুলে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ। শনিবার ভোরে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ আনতে গ্রামে যায় পুলিশ। নিয়ম অনুযায়ী, পরিবারের তরফে আনিসের বাবা বা অন্য কোনও সদস্যের সেখানে উপস্থিত থাকার কথা। সেখানে ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ।

