টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ায় কান ধরে উঠবস করালেন শিক্ষিকা, শান্তিপুরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী ছাত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ ডিসেম্বর: টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষিকাদের হাতে ধরা পড়ে, সকলের সামনে কান ধরে উঠবস করানোয় অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি পরিবারের। শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহ নগর এলাকার ঘটনা।

জানা গেছে, সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল এবছরের শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন নকল করতে গিয়ে
শিক্ষিকাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। পরিবারের দাবি তাকে, সমস্ত ছাত্রীদের সামনে কান ধরে উঠবস করানোয় অন্যান্য ছাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করে। আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে এসে বাথরুমে গিয়ে অ্যাসিড খায় বলে জানা যায়। এর পরেই যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই ছাত্রী এবং পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায়।

পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। কলকাতার হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় গাড়ির মধ্যেই মৃত্যু হয় ঐ স্কুল ছাত্রীর। তবে এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান পরিবার। তবে ঐ ছাত্রীর অ্যাসিড খেয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *