সাথী দাস, পুরুলিয়া, ১ সেপ্টেম্বর: দুটি আলাদা পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। দুটি ঘটনায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়। রঘুনাথপুর শহরে ঢোকার মুখে বরাকর-পুরুলিয়া ৫ নম্বর রাজ্য সড়কে ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় একটি মোটর সাইকেলের। ওই মোটর সাইকেলে ৪ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বাবলু সিং (৩৮) নামে নিতুড়িয়ার এক বাসিন্দা। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার মোটর
সাইকেলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর সাইকেল চালকের। গুরুতর আহত হয় ওই শিশুটি। উন্নত চিকিৎসার জন্য তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে এদিন নিতুরিয়া থানার শর্বরী মধুকুণ্ডা রাস্তায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় দ্বাদশ শ্রেণির ছাত্রের। দেবাশিস মাজি(১৮) নামে ওই ছাত্রের বাড়ি স্থানীয় বড়তোড়িয়া গ্রামে। টিউশন সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখিয়ে বরাকর-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। স্থানীয় নিতুড়িয়া থানা পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও অবরোধ ওঠেনি। রাত আটটা পর্যন্ত ওই রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে।

