জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই:
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম পাওয়ায় ছাত্র ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় একাদশ শ্রেণির ভর্তির প্রক্রিয়া। স্কুলের আসবাব বাইরে বের করে ভাঙ্গচুর চালানো হয়।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের ফেল করানো হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরের বাইরেও। এলাকার মানুষ দেখেন স্কুলের বাইরে এই করোনার সময় ছাত্রছাত্রীদের জমায়েত। বিক্ষোভে উত্তাল খড়্গপুরের কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ।
একই দাবিতে শনিবার খড়্গপুরের নিমপুরা এলাকাতেও আর.জে বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা মালঞ্চার মেইন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

